সোমবার ৯ নভেম্বর মধ্যরাতে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালক দগ্ধ বাসের ধোঁয়ায় শ্বাসরোধে মারা গেছেন। নিহত কালাচাঁন ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে খাবার শেষ করে নিজের বাসের ভেতরেই তিনি ঘুমাচ্ছিলেন। মধ্যরাতে হঠাৎ বাসটিতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। এতে বাসের ভেতর ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। ঘুমন্ত অবস্থায় ধোঁয়ায় শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
বাসের ভেতরে আটকা পড়া কালাচাঁনকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণেই চালকের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সোহেল রানা জানান, ঘটনার খবর পেয়ে রাত ৩টার দিকে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, অগ্নিকাণ্ডের উৎস নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। বাসটিতে আগুন লাগার পেছনে কোনো দুষ্কৃতকারীর হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বাসে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।










