শিক্ষাঙ্গন

নোয়াখালী সরকারি কলেজে পূবালী ব্যাংকের ডিজিটাল সেবা ও অ্যাকাউন্ট ক্যাম্পেইন

শিক্ষাঙ্গন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে নতুন ক্যাম্পেইন চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা এখন থেকে কোনো খরচ ছাড়াই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডিজিটাল সেবার আওতায় আসতে পারবেন।

সোমবার (৯ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে প্রশাসনিক ভবনের সামনে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. আজিজুর রহমান। এতে মাইজদী বাজার শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক মো. এবিএম সানাউল্লাহ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনের আওতায় শিক্ষার্থীরা পূবালী ব্যাংকের পাই (PI Banking) অ্যাপ ব্যবহার করে মাসিক এক লাখ টাকা পর্যন্ত বিনা খরচে লেনদেন করতে পারবেন। এছাড়া কলেজের সেশন ফি, ভর্তি ও ফরম পূরণের ফি পরিশোধেও কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না। একই সঙ্গে শিক্ষার্থীরা এক বছরের জন্য বিনা মূল্যে ডেবিট কার্ড পাওয়ার সুবিধাও পাবেন।

উদ্বোধনী আয়োজনে ব্যাংকের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতেই এই ডিজিটাল সেবা ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা ঘরে বসেই উপভোগ করতে সক্ষম হবেন।