আইন-আদালত

সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক, কয়েদিদের পুনর্বাসনে কাউন্সেলিংয়ের ওপর গুরুত্বারোপ

শেখ আমিনুর হোসেন,
শেখ আমিনুর হোসেন, বিশেষ সংবাদদাতা
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার
সাতক্ষীরা জেলা কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের জীবনযাত্রার মান, স্বাস্থ্যসেবা ও সংশোধনমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ। এ সময় বিশেষ করে যুবক বয়সী বন্দিদের মানসিক বিকাশ এবং অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শনকালে তিনি এসব বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম এবং বেসরকারি কারা পরিদর্শকবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং বন্দিদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বন্দিদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও জীবনযাত্রার বিষয়ে অবগত হন।
কারাগারে বন্দিদের সংশোধন, দক্ষতা বৃদ্ধি ও পুনর্বাসনের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করেন তিনি। এর মধ্যে নারী বন্দিদের জন্য পরিচালিত সেলাই প্রশিক্ষণ এবং পুরুষ বন্দিদের আরবি ও বাংলা ভাষা শিক্ষাদান কার্যক্রম উল্লেখযোগ্য। এসব উদ্যোগ বন্দিদের কারামুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরে আসা এবং আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ ছাড়া কারাগারের রান্নাঘর পরিদর্শন করে বন্দিদের জন্য প্রস্তুত করা খাবারের মান ও পুষ্টিগুণ যাচাই করেন জেলা প্রশাসক। একই সঙ্গে ক্যান্টিন, লাইব্রেরি ও মেডিকেল সেন্টার ঘুরে দেখেন এবং এসব স্থানে বিদ্যমান সুযোগ-সুবিধা ও সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে জানতে চান।
পরিদর্শন শেষে কারা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ করে তরুণ বন্দিদের মানসিক স্বাস্থ্য, আচরণগত পরিবর্তন ও ইতিবাচক চিন্তাভাবনা বিকাশে নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নারী বন্দিদের বিভিন্ন সুবিধা-অসুবিধা চিহ্নিত করে যথাযথ সমাধানের নির্দেশনা প্রদান করেন।
সংশ্লিষ্টদের মতে, কারাগার শুধু সাজা কার্যকরের স্থান নয়; বরং বন্দিদের সংশোধন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূলধারায় ফিরিয়ে আনার ক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসকের এ পরিদর্শন কারাগারের সেবার মানোন্নয়ন, বন্দিদের মানবিক মর্যাদা নিশ্চিতকরণ এবং সংশোধনমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।