মাহবুবুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা শহরের নীট হানী গ্রুপের মালিক ও মধু ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে গত ৮ নভেম্বর আনা সব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী রিপা খাতুন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বর্তমান স্বামী মো, সিরাজুল ইসলামকে সাথে নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
খুলনার পাইকগাছা উপজেলার হিতামপুর গ্রামের শেখ শুকুর আলীর কণ্যা রিপা খাতুন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ৮ নভেম্বর ২০২৬ ইং তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আমি আমার স্বামী সাতক্ষীরা শহরের নীট হানী গ্রুপের মালিক এবং মধু ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করে ছিলাম। উক্ত সংবাদ সম্মেলনে আমি আমার স্বামীর বিরুদ্ধে যে সকল অভিযোগ আনছিলাম সেগুলো পরবর্তীতে আমরা আলোচনার মাধ্যমে সমঝোতা করে নিয়েছি। সে কারণে ঐ দিনের সংবাদ সম্মেলনের বক্তব্য এবং সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে যে সমস্ত সংবাদ প্রকাশিত হয়েছিল তা আমি প্রত্যাহার করছি।
রিপা খাতুন আরও বলেন, আমরা দুজন স্বামী-স্ত্রী এখন থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে পুনরায় সুন্দরভাবে ঘর সংসার করবো। কোনরূপ ঝামেলা বা অশান্তি করবো না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমার আহ্বানে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের এই সংবাদ সম্মেলনে হাজির হবার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।










