আসাদুজ্জামান, জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রতিবন্ধী শিশু ও যুবকদের শিক্ষা, চলাচল এবং সমাজের মূলধারায় সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে তিন দিনব্যাপী আঞ্চলিক অংশীজন কর্মশালা ও অন্তর্ভুক্তি মেলা (ইনক্লুশন ফেয়ার)-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে ৪২ জনের মধ্যে স্ট্যান্ডিং ফ্রেম, হুইলচেয়ার, ওয়াকার, স্পেশাল সিটিং চেয়ার ও কর্নার চেয়ার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষাসহায়ক উপকরণ হিসেবে ১৪ জনের মধ্যে বাইসাইকেল, পাওয়ার গ্লাস ও শ্রবণসহায়ক যন্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ড, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক আফরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা আইডিয়ালের পরিচালক মো. নজরুল ইসলাম।
আয়োজকরা জানান, প্রতিবন্ধী শিশু ও যুবকদের শিক্ষা, চলাচল এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার পাশাপাশি অর্থবহ অংশগ্রহণ ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যেই তিন দিনব্যাপী এ কর্মশালা ও মেলার আয়োজন করা হয়। এ আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।










