সন্তানদের শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং নৈতিক মূল্যবোধ, মানবিকতা, শিষ্টাচার ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁদের মতে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরার কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের প্রত্যয়ে আয়োজিত এ সমাবেশে শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রত্যয় আইডিয়াল স্কুলের সভাপতি রফিকুল ইসলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মহসিন আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, নাজিমগঞ্জ বাজার কমিটির সহসভাপতি শেখ আবু তাহের, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শিমুল, প্রত্যয়ের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান আজগার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ নাজমুল হুদা এবং মথুরেশপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ খায়রুল বাশার প্রমুখ।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য কেবল পরীক্ষার ফলাফল কিংবা শিক্ষার্থীর সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। শিক্ষার্থীরা কতটা মানবিক, দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন হয়ে গড়ে উঠছে, সেটিও শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ মাপকাঠি। এ ক্ষেত্রে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের আচরণ, চিন্তাভাবনা ও সৃজনশীল বিকাশে অভিভাবকদের নিয়মিত সময় দিতে হবে।
তাঁরা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীল চিন্তা, শিষ্টাচার এবং মানবিক গুণাবলির সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মেধা, ভাষাগত দক্ষতা ও সাংস্কৃতিক পরিবেশনা। নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি (ক-বিভাগে) জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় মডেল-১-এর শিক্ষার্থী আবু শোয়াইবকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ ছাড়া সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশন করে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। ইংরেজি ভাষায় অনুষ্ঠান পরিচালনা, পবিত্র কোরআন তেলাওয়াতের বাংলা ও ইংরেজি অনুবাদ, ইংলিশ কনভারসেশন, বাংলা ও ইংরেজিতে বক্তব্য প্রদান, কবিতা আবৃত্তি এবং প্রত্যয় আইডিয়াল স্কুলকে নিয়ে থিম সং পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপনা, ভাষাগত দক্ষতা ও আত্মবিশ্বাসী পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের প্রশংসা কুড়ায়। একই সঙ্গে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল প্রতিভা বিকাশে বিদ্যালয়ের উদ্যোগের বিষয়টিও অনুষ্ঠানে গুরুত্ব পায়।
সমাবেশে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।










