আশাশুনি

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, আনন্দে মাতল উপজেলা পরিষদ চত্বর

দেশ টাইমস-
দেশ টাইমস- আশাশুনি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা, সুপ্ত প্রতিভার বিকাশ এবং প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য আনন্দময় পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে আইডিয়াল ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশু ও যুবরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতার প্রকাশ ঘটান।

দিনব্যাপী এ আয়োজনে ছিল নানা ধরনের ব্যতিক্রমী ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিযোগিতার শুরুতে অনুষ্ঠিত হয় হাড়িভাঙা খেলা। এতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী যুবরা অংশ নেন। দ্বিতীয় পর্বে বালিশ বদল খেলায় অংশগ্রহণ করেন নারী যুবরা। খেলাধুলার মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণবন্ত পরিবেশ।

তৃতীয় পর্বে আইডিয়াল এবং সহযোগী প্রতিষ্ঠান আশরাফ ফাউন্ডেশন, বাঁচতে শেখা ও বিএসকেএসের যুবরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। এরপর অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীরা রং-তুলির আঁচড়ে নিজেদের কল্পনা, সৃজনশীলতা ও নান্দনিক ভাবনার বহিঃপ্রকাশ ঘটান।

অনুষ্ঠানের শেষ পর্বে নৃত্য ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়। এ সময় অংশগ্রহণকারীদের পরিবেশনায় পুরো আয়োজন হয়ে ওঠে আনন্দঘন ও উৎসবমুখর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইডিয়াল ম্যাপ ইন সিবিআর প্রজেক্টের কেয়ার টিমের সদস্য এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেইনার অফিসার মো. আফতাবুজ্জামান, সিবিআর অফিসার এস কে ইউসুফ আলী এবং সিবিআর অফিসার করবি স্বর্ণকার।

আয়োজকদের এ উদ্যোগ প্রতিবন্ধী শিশু ও যুবদের শুধু বিনোদনের সুযোগই সৃষ্টি করেনি, বরং তাদের আত্মবিশ্বাস, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক অংশগ্রহণের ক্ষেত্রও প্রসারিত করেছে। এ ধরনের আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার পাশাপাশি সমাজের সব স্তরে সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করার বার্তাও বহন করে।