এনজিও ও সংগঠন

জলবায়ু সংকট মোকাবিলায় শ্যামনগরের ছয় ইউনিয়নের জনগণের নিজস্ব অভিযোজন পরিকল্পনা

দেশ টাইমস-
দেশ টাইমস- এনজিও ও সংগঠন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, জ্ঞান ও প্রত্যাশার ভিত্তিতে ছয়টি ইউনিয়নের জন্য অভিযোজন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এসব পরিকল্পনার সমন্বিত সুপারিশ তুলে ধরে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়েছে এক মিডিয়া ব্রিফিং।

রোববার (২৯ নভেম্বর) আয়োজিত এ ব্রিফিংয়ে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা, সুপেয় পানির সংকট, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের মতামত ও প্রস্তাবগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়।

আলোচনায় উঠে আসে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে শ্যামনগরসহ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ক্রমেই কঠিন হয়ে উঠছে। লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, কৃষি উৎপাদন হ্রাস, খাদ্য ও পুষ্টি নিরাপত্তাহীনতা, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পাশাপাশি জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ওপর বাড়ছে নেতিবাচক প্রভাব। এসব সংকটের কারণে বিশেষ করে উপকূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছে।

ব্রিফিংয়ে জানানো হয়, স্থানীয় মানুষের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে শ্যামনগর উপজেলার ছয়টি ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ইউনিয়নভিত্তিক অভিযোজন পরিকল্পনা তৈরি করা হয়েছে। এতে জলবায়ু সংকটের মধ্যেও স্থানীয় জনগোষ্ঠী কীভাবে টিকে থাকার চেষ্টা করছে, তাদের বিদ্যমান কৌশল, অভিজ্ঞতা, সমস্যা, চাহিদা এবং সম্ভাব্য সমাধানের পথ চিহ্নিত করা হয়েছে। পরবর্তী সময়ে ইউনিয়নগুলোর সুপারিশ ও মতামত সমন্বয় করে উপজেলা পর্যায়ের পরিকল্পনা প্রণয়ন করা হয়।

পরিকল্পনায় উপকূলীয় এলাকার সংকট মোকাবিলায় কয়েকটি বিষয়কে বিশেষ অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সুপেয় পানি নিশ্চিতকরণ ও উপকূলীয় পানি ব্যবস্থাপনা, কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, জনস্বাস্থ্য সুরক্ষা, নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা, প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বিকল্প জীবন-জীবিকা ও কর্মসংস্থান সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও পরিবেশে রাসায়নিক ঝুঁকি হ্রাস এবং যুব নেতৃত্ব ও সামাজিক সমতা প্রতিষ্ঠা।

বক্তারা মনে করেন, উপকূলীয় জলবায়ু সংকট মোকাবিলায় শুধু অবকাঠামোগত উন্নয়ন কিংবা দুর্যোগের পর ত্রাণ সহায়তা যথেষ্ট নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভিযোজন কার্যক্রম এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন ও তদারকির প্রতিটি পর্যায়ে স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এ জন্য উপজেলা প্রশাসন, কৃষি অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা, এনজিও, স্থানীয় সংগঠন এবং যুবসমাজকে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে বলা হয়, জলবায়ু পরিবর্তনের মতো বহুমাত্রিক সংকট কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সরকারের পক্ষে একা মোকাবিলা করা সম্ভব নয়। তাই স্থানীয় জনগণের জ্ঞান ও অভিজ্ঞতাকে প্রাতিষ্ঠানিক পরিকল্পনার সঙ্গে যুক্ত করে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, মিডিয়া ব্রিফিংয়ে উঠে আসা স্থানীয় জনগোষ্ঠীর দাবি, সুপারিশ ও অভিজ্ঞতাগুলো গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলে নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে। এর মাধ্যমে শ্যামনগরসহ সমগ্র উপকূলীয় অঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবিলা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং মানুষের নিরাপদ জীবন-জীবিকা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের পথ সুগম হবে।