বিশেষ ও ফিচার

সাতক্ষীরায় নতুন দৈনিক ‘সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু, প্রত্যাশা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার

দেশ টাইমস-
দেশ টাইমস- বিশেষ ও ফিচার ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

‘সত্য প্রচারে এগিয়ে’ স্লোগানকে ধারণ করে সাতক্ষীরার গণমাধ্যম অঙ্গনে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দৈনিক সংবাদপত্র ‘দৈনিক সাতক্ষীরা খবর’। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সাধারণ মানুষের অধিকার, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটেছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা লেক ভিউ তুফান কনভেনশন সেন্টারের পদ্মা হলরুমে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে জেলার বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পত্রিকাটির সম্পাদক আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিব। তিনি পত্রিকাটির লোগো, নামকরণ ও সার্বিক উপস্থাপনার প্রশংসা করে বলেন, একটি সংবাদপত্রের মূল শক্তি হচ্ছে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও পাঠকের আস্থা। সম্পাদক আবু বক্করের নেতৃত্বে ‘দৈনিক সাতক্ষীরা খবর’ এসব গুণাবলি ধারণ করে অচিরেই সাতক্ষীরার শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে পত্রিকাটির সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সংবাদপত্রকে প্রকৃত অর্থেই সাধারণ মানুষের মুখপাত্র হয়ে উঠতে হবে। সাতক্ষীরার অপার সম্ভাবনা, মানুষের দৈনন্দিন সমস্যা, অনিয়ম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নির্ভীক ও সাহসিকতার সঙ্গে তুলে ধরতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই সংবাদপত্র মানুষের কথা বলার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বিশেষ অতিথি বাসুদেব বসু বলেন, সাতক্ষীরার মাটি ও মানুষের স্বপ্ন, সমস্যা, সম্ভাবনা এবং এলাকার বাস্তব চিত্র সংবাদপত্রের পাতায় যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন। ‘দৈনিক সাতক্ষীরা খবর’ সেই দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

জেলা তথ্য অফিসার তাঁর বক্তব্যে বলেন, একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার ক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা, পেশাদারত্ব ও প্রজ্ঞার সঙ্গে সাংবাদিকতা পরিচালিত হলে তা এলাকার উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি পত্রিকাটির সফলতা কামনা করেন।

এ সময় আলহাজ্ব আব্দুর রউফ বলেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও গণমাধ্যমের স্বাধীনতার এই সময়ে সাতক্ষীরায় সংবাদকর্মীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অবাধ তথ্যপ্রবাহের যুগে নতুন এই সংবাদপত্র স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করবে—এটাই সবার প্রত্যাশা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সংবাদপত্র কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়; বরং সমাজের অসংগতি তুলে ধরা, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা, প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরি এবং উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করার অন্যতম মাধ্যম। তাই নতুন পত্রিকাটিকে পেশাগত সততা, নিরপেক্ষতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, ‘দৈনিক সাতক্ষীরা খবর’ সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে সংবাদ পরিবেশন করবে। একই সঙ্গে সাতক্ষীরার সম্ভাবনা, সমস্যা, উন্নয়ন, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনসংগ্রামের চিত্র তুলে ধরে জেলার গণমাধ্যম অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করবে।