সাতক্ষীরা সদর

লিভার রোগ নির্ণয়ে নতুন সম্ভাবনা, সাতক্ষীরা মেডিকেলে ফাইব্রোস্ক্যান প্রযুক্তি নিয়ে সেমিনার

দেশ টাইমস-
দেশ টাইমস- সাতক্ষীরা সদর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

লিভারের জটিল রোগ শনাক্ত ও চিকিৎসা ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ফাইব্রোস্ক্যান (FibroScan) প্রযুক্তি নিয়ে বিশেষ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, অত্যাধুনিক এ নন-ইনভেসিভ প্রযুক্তির মাধ্যমে মাত্র ৫ থেকে ৮ মিনিটে ব্যথামুক্ত উপায়ে লিভারের চর্বির পরিমাণ ও শক্ত হওয়ার মাত্রা নির্ণয় করা সম্ভব। ফলে অনেক ক্ষেত্রে প্রচলিত যন্ত্রণাদায়ক লিভার বায়োপসির বিকল্প হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ (NAFLD) এবং এর আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে এ সায়েন্টিফিক সেমিনার (সিএমই) অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের উদ্যোগে এবং ফ্রান্সের চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান ইকোসেন্সের (Echosens) ডিস্ট্রিবিউটর কেএনএস কানাডা বিডির আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ। প্রধান অতিথি ছিলেন হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডা. আশফাক আহমেদ সিদ্দিকী এবং কেএনএস কানাডা বিডির বাংলাদেশ কান্ট্রি হেড ডা. তাসরিনা রহমান।

সেমিনারে বিশেষজ্ঞরা জানান, ফ্যাটি লিভার বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। অনিয়ন্ত্রিত জীবনযাপন, স্থূলতা, ডায়াবেটিস ও উচ্চ কোলেস্টেরলের মতো কারণে লিভারে অতিরিক্ত চর্বি জমতে পারে। প্রাথমিক পর্যায়ে রোগটি অনেক সময় তেমন উপসর্গ সৃষ্টি না করলেও পরবর্তী সময়ে লিভারে প্রদাহ, ফাইব্রোসিস এবং সিরোসিসের মতো জটিলতা তৈরি হতে পারে। সময়মতো রোগ শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ না করলে লিভার ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে।

চিকিৎসকরা বলেন, প্রচলিত লিভার বায়োপসিতে শরীরের ভেতর সূঁচ প্রবেশ করিয়ে লিভারের টিস্যু সংগ্রহ করতে হয়। এ পদ্ধতিতে ব্যথা, রক্তপাত ও অন্যান্য জটিলতার আশঙ্কা থাকে। অন্যদিকে ফাইব্রোস্ক্যান প্রযুক্তিতে শরীরে কোনো কাটাছেঁড়া ছাড়াই লিভারের অবস্থা মূল্যায়ন করা যায়। বিশেষ করে ফ্যাটি লিভার, দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি ও সি, ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ কোলেস্টেরল এবং পোর্টাল হাইপারটেনশনের ঝুঁকিতে থাকা রোগীদের লিভারের ক্ষতির মাত্রা নির্ণয়ে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

তারা আরও বলেন, লিভারের রোগের ক্ষেত্রে উপসর্গ দেখা দেওয়ার অপেক্ষা না করে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ফাইব্রোস্ক্যানের মাধ্যমে রোগের প্রাথমিক পর্যায়েই লিভারের পরিবর্তন শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসা, খাদ্যাভ্যাস পরিবর্তন ও জীবনযাপন নিয়ন্ত্রণের মাধ্যমে জটিলতা প্রতিরোধের সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএনএস কানাডা বিডির অ্যাডমিন অ্যান্ড এইচআর ম্যানেজার আহসানুল হক। সাতক্ষীরা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. দেবপ্রসাদ অধিকারী, ডা. কল্যাণশীষ সরদার, ডা. মানুষ কুমার মণ্ডল, ডা. প্রভাত কুমার সরকার, ডা. খাইরুল বাশার, ডা. আসাদুল্লাহ আল গালিব, ডা. মো. হাবিবুর রহমান, ডা. বাপ্পাদিত্য গাইন ও ডা. অনিন্দ্য দাস সৌরভসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা।

এ ছাড়া সাতক্ষীরায় ফাইব্রোস্ক্যান সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্মার্ট মেডিকেল সেন্টার, খুলনা রোড মোড়ের ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

সেমিনারের শেষ পর্বে বক্তারা বলেন, সাতক্ষীরায় আধুনিক ফাইব্রোস্ক্যান প্রযুক্তির সহজলভ্যতা এবং চিকিৎসকদের মধ্যে এ বিষয়ে সচেতনতা ও দক্ষতা বাড়ানো গেলে লিভারের জটিল রোগ শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে ফ্যাটি লিভার থেকে সিরোসিসে রূপ নেওয়ার ঝুঁকি কমাতে প্রাথমিক রোগ নির্ণয়, নিয়মিত চিকিৎসা পরামর্শ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।