আশাশুনি

অনলাইন-অফলাইন সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আশাশুনিতে

দেশ টাইমস-
দেশ টাইমস- আশাশুনি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা ও প্রশাসনিক সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় ১৬ দিনব্যাপী (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) কর্মসূচির অংশ হিসেবে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাইট হাউজ কনসোর্টিয়াম ও সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন বাস্তবায়িত নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের আওতায় উপজেলা নারী সহায়তা ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নারী সহায়তা ফোরামের আহ্বায়ক জুলেখা খাতুন। সভা সঞ্চালনা করেন ফ্যাসিলিটেটর মো. কামাল হোসেন।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ও আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস.এম. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু বলেন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধিও জরুরি। পাশাপাশি সরকারি সেবাগুলো নারীদের কাছে সহজলভ্য করতে হবে। বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উপজেলা নারী সহায়তা ফোরামকে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ কাজে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর সুরক্ষা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে নারী সহায়তা ফোরামের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নারী সহায়তা ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় পূর্ববর্তী কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী নির্যাতন বন্ধে ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ, প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ এবং অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।