আইন-আদালত

সাতক্ষীরায় স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন, মাগুরা আদালতের কর্মচারীর ২ বছরের কারাদণ্ড

দেশ টাইমস-
দেশ টাইমস- আইন-আদালত ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

রঘুনাথ খাঁ, জ্যেষ্ঠ প্রতিবেদক: 

যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করে মাগুরা বিচারিক আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী সাইফুল শেখকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় তাঁর বাবা ও মাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

গত ১০ নভেম্বর সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় আসামি সাইফুল শেখ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল শেখ মাগুরা সদর উপজেলার নান্দুয়ালী গ্রামের আব্দুল মোমিন শেখের ছেলে। তিনি বর্তমানে মাগুরা বিচারিক আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৭ জুলাই সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার আব্দুল করিম চঞ্চলের মেয়ে সাদিয়া সারমিন মুন্নীর সঙ্গে সাইফুল শেখের বিয়ে হয়। বিয়ের সময় ৭৫ হাজার এক টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। পাশাপাশি যৌতুক হিসেবে নগদ দুই লাখ টাকা এবং ৩১ হাজার টাকা মূল্যের দুটি সোনার আংটি দেওয়া হয়। তাঁদের সংসারে লাইছা ইসলাম নামে একটি সন্তান রয়েছে।

বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই সাইফুল তাঁর বাবা-মায়ের পরামর্শে নতুন করে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এ দাবিতে তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। একপর্যায়ে ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর মুন্নীকে নির্যাতন করে যৌতুকের টাকা আনার জন্য সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এরপর থেকে মুন্নী বাবার বাড়ি সাতক্ষীরায় অবস্থান করতে থাকেন। দীর্ঘদিন স্ত্রী ও সন্তানের খোঁজখবর না নেওয়ার পর একই বছরের ২০ অক্টোবর সাইফুল তাঁর বাবা আব্দুল মোমিন শেখ ও মা ছিয়ারুল বেগমকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। সেখানে দুপুরের খাবার শেষে বিশ্রামের একপর্যায়ে বিকেল ৩টার দিকে মুন্নীকে পাশের ঘরে ডেকে নিয়ে আবারও দুই লাখ টাকা যৌতুক দাবি করেন।

টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সাইফুল কাঠের খণ্ড দিয়ে স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে বাবা-মায়ের সহযোগিতায় স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। পরে তাঁরা কাউকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে যান। গুরুতর আহত মুন্নীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ২০১৭ সালের ২৩ অক্টোবর মুন্নী বাদী হয়ে স্বামী সাইফুল শেখ, শ্বশুর আব্দুল মোমিন শেখ ও শাশুড়ি ছিয়ারুল বেগমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে ২০১৭ সালের ১৮ নভেম্বর সদর থানায় মামলাটি ৪১ নম্বর মামলা হিসেবে রেকর্ড করা হয়।

২০১৮ সালের ৪ সেপ্টেম্বর সাইফুল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ২৭ জানুয়ারি সদর থানার উপপরিদর্শক (এসআই) রশিদুজ্জামান তিন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার নথি ও সাক্ষীদের জেরা এবং জবানবন্দি পর্যালোচনা শেষে যৌতুকের দাবিতে স্ত্রী সাদিয়া সারমিন মুন্নীকে নির্যাতনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত ১০ নভেম্বর বিচারক মো. জাকারিয়া হোসেন সাইফুল শেখকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁর বাবা আব্দুল মোমিন শেখ ও মা ছিয়ারুল বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি কামরুজ্জামান ভূট্টো ও অ্যাডভোকেট আব্দুল মজিদ।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নজমুল হুদা জানান, সাজাপ্রাপ্ত সাইফুল শেখকে কারাগারে পাঠানো হয়েছে।