বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ২৩ মিনিটে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাসভবনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। হামলায় বাড়ির জানালার কাচ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে এবং একটি স্প্লিন্টার ঘরের ভেতরে গিয়ে পড়ে। তবে হামলার সময় বিএনপি নেতা বাড়িতে ছিলেন না। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের আলামত ও বোমাসদৃশ কিছু বস্তু উদ্ধার করেছে।
ঘটনার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায়, রাত ১টা ২৩ মিনিটে এক অজ্ঞাত যুবক দ্রুত এসে বাড়ির সামনে একটি বস্তু নিক্ষেপ করে পালিয়ে যাচ্ছে।
গভীর রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বাসার সামনে মানুষের ভিড় দেখে হামলার বিষয়টি জানতে পারেন অধ্যাপক হাদিউজ্জামান হিরো। তিনি অভিযোগ করে বলেন, সারা দেশে চলমান নৈরাজ্য ও সহিংসতার অংশ হিসেবেই তার বাড়িতে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তিনি জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাবেক সমন্বয়ক এম এ সালামসহ দলের নেতাকর্মীরা। প্রশাসনের কাছে তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জোরালো আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে।










