বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ইহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর রোববার (৮ নভেম্বর) সকালে সদর উপজেলার নলটোনা এলাকার নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন।
নিহত ইহান সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার নজির হোসেন ও কুমকুম বেগম দম্পতির বড় সন্তান। শিশুটির চাচা সগির হোসেন জানান, ঘটনার দিন গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বড়ইতলা এলাকায় ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নেমে ইহান তলিয়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ দীর্ঘ সময় তল্লাশি চালালেও তখন তাকে পাওয়া যায়নি। অবশেষে আজ সকালে নলটোনা থেকে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ হাসনাইন পারভেজ জানিয়েছেন, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।










