রঘুনাথ খাঁ, জ্যেষ্ঠ প্রতিবেদক:
৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে তুহিন শেখ নামের এক কিশোরের ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর ‘২৬) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকারিয়া হোসেন এক জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন। আদেশ প্রদানকালে আসামী তুহিন শেখ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত তুহিন শেখ সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী গ্রামের শেখ শফিকুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলা সদরের একটি গ্রামের ৯ বছর বয়সী এক শিশু তার ছোট বোনকে নিয়ে ২০১৫ সালের ১৮ জুন সকাল ১০টার দিকে বাড়ি থেকে ৫০০ গজ দূরে রাজ্জাক শেখের খেজুর বাগানে খেজুর পাড়তে যায়। এ সময় আসামী তুহিন শেখ ৯ বছরী ওই শিশুকে পিছন দিক থেকে বাম হাত দিয়ে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী পাট খেতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতা ও তার বোনের চিৎকারে শিশু দুটির মা ও প্রতিবেশীরা ছুটে এলে তুহিন শেখ পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে তুহিন শেখের নাম উল্লেখ করে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় তালা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তুহিন শেখকে গ্রেপ্তার করে যশোরের পোলেরহাট সংশোধনাগারে পাঠায়। মামলার তদন্তকারি কর্মকর্তা তালা থানার উপ-পরিদর্শক পিণ্টু লাল দাস ২০১৫ সালের ২৯ জুন তুহিন শেখের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার সাতজন সাক্ষীর জেরা ও জবানবন্দি এবং নথি পর্যালোচনা শেষে আসামী তুহিন শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক মোঃ জাকারিয়া হোসেন তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দল্ডিত করেন।
আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. রাজীব রায় চৌধুরী সঞ্জয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. আলমগীর আশরাফ।










