ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, একটি মানবিক ও নৈতিক সমাজ বিনির্মাণে মসজিদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকী মণ্ডলপাড়া এলাকায় বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, মসজিদ কেবল ইবাদত-বন্দেগির স্থান নয়, বরং এটি ধর্মীয় শিক্ষা, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ চর্চার অন্যতম কেন্দ্রস্থল। মসজিদকে কেন্দ্র করেই মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়। নবনির্মিত এই মসজিদটি এলাকার মুসল্লিদের জন্য ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজকে অত্যন্ত মহৎ উদ্যোগ হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, এ ধরনের জনহিতকর কাজে সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদটির নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হওয়া এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় অন্যদের মধ্যে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।










