
সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামে বোরো মৌসুমে নিরাপদ উচ্চ ফলনশীল ধান উৎপাদন বিষয়ক এক দিনের প্রশিক্ষণ গতকাল শনিবার (১৮ জানুয়ারি ‘২৬) সম্পন্ন হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় ফসল খাতভুক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন।
উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও অফিস প্রধান ড. মোঃ কামরুজ্জামান, সহকারী কর্মকর্তা মোঃ হুসাইন কবির ও সফল কৃষক মানিক গোলদার প্রমুখ।
প্রশিক্ষণে ২৫ জন কৃষককে উন্নত বীজ ক্রয়, বিভিন্ন জাতের ধান, বীজতলা তৈরি, চারা রোপণ, ফসলের আন্তঃপরিচর্যা, বীজ সংরক্ষণ, বিভিন্ন রোগ ও পোকামাকড়, বিভিন্ন জৈব সার ও জৈব বালাইনাশক, বিভিন্ন জৈব ফাঁদ ব্যবহারবিধি এবং পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনা বিষয়ে হাতে কলমে বিশদ ভাবে বোঝানো হয়।