
ইয়ুথ ক্লাইমেট হ্যাকথন প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন সাতক্ষীরার তরুণ জলবায়ু আন্দোলন কর্মী এস এম শাহিন আলম। গেল রোববার (১০ অক্টোবর) কক্সবাজারে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড শেষে শাহিন আলমের হাতে প্রথম রানার-আপের সম্মাননা স্মারক ও স্বীকৃতিপত্র তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তানভীর শাকিল জয় এমপি।

ফাইনাল রাউন্ডে প্রথম হয়েছেন চট্টগ্রামের মিনা আক্তার, প্রথম রানার-আপ হয়েছে সাতক্ষীরার এস এম শাহিন আলম ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন কক্সবাজারের জিমরান মোহাম্মাদ সায়েক।
প্রতিযোগিতায় সাতক্ষীরার তরুণ জলবায়ু কর্মী এস এম শাহিন আলম সুন্দরবন উপকূলের আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সমস্যা, সমাধান ও জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় মুন্ডা যুবদের নেতৃত্ব বিষয়ক পরিকল্পনা উপস্থাপন করেন।
শাহিন আলম সাতক্ষীরা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নের পাশাপাশি পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেটের জেলা সমন্বয়ক ও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক পদে দায়িত্বশীল।