
সাতক্ষীরা জেলা পরিষদ কর্তৃক গৃহীত নানাবিধ কার্যক্রমের বিপরীতে জেলার ১০৪ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ আগষ্ট ‘২৬) দুপুরে জেলা পরিষদ হলরুমে এ চেক বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার অলী।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, আসাদুজ্জামান, এম বেলাল হোসাইন, সাংবাদিক মাহমুদুল হাসানসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিভিন্ন স্থানের উপকারভোগীরা।
প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সরকারি বরাদ্দের প্রতিটি টাকা যেন জনগণের কল্যাণে এবং যথাযথ স্বচ্ছতার সাথে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে। জেলা পরিষদ সবসময় সাধারণ মানুষ ও তৃণমূলের প্রাতিষ্ঠানিক উন্নয়নে পাশে থাকবে।
চেক গ্রহণ শেষে উপকারভোগী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।