
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর ‘২৬) অনুষ্ঠিত হলো ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২৫ এর শুভ উদ্বোধন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম। সঞ্চালনা করেন সিনিয়র প্রভাষক আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি শেখ নাজমুল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক কাজী সাইফুল্লাহ, সরকারি অধ্যাপক ইয়াকুব আলী, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক প্রদীপ কুমার মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কাজী তৌহিদ হাসান প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন, শিক্ষার্থীদের কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। সুস্থ দেহে সুস্থ মন গড়ে ওঠে খেলাধুলার মাধ্যমে। তাই এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে এবং জাতি গঠনে কার্যকর অবদান রাখে।আগামী দিনে এখান থেকেই জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরি হবে। দিনব্যাপী প্রতিযোগিতায় উপজেলার ১৬টি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর কুচকাওয়াজ, দৌড় প্রতিযোগিতা, ফুটবল, ভলিবলসহ নানা ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। খেলাগুলো পরিচালনা করেন রেফারি মিজানুর রহমান, সহকারী রেফারি লালটু ইসলাম ও আব্দুর রাশেদ এবং শিক্ষক শহিদুল ইসলাম। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।