আইন-আদালত

আশাশুনিতে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন, পরস্পরবিরোধী অভিযোগে নতুন মোড়

শেখ আমিনুর হোসেন,
শেখ আমিনুর হোসেন, বিশেষ সংবাদদাতা
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার
সাতক্ষীরার আশাশুনিতে আদালতের নির্দেশে প্রায় দেড় বছর পর কবর থেকে ছয় মাস বয়সী এক ভ্রূণের মরদেহ উত্তোলন করা হয়েছে। ভ্রূণের পরিচয় ও পিতৃত্ব নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য মরদেহটি উত্তোলন করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহের অংশ হিসেবে রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুল্যা গ্রামে এ কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, প্রায় এক বছর ছয় মাস আগে কুল্যা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী সাথী পারভীনের সঙ্গে তার চাচাতো ভাসুর আবু সালেহ মুসার ছেলে আরিফুল ইসলামের অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই সম্পর্কের কারণে সাথী পারভীন ছয় মাসের অন্তঃসত্ত্বা হন।
অভিযোগ অনুযায়ী, গর্ভধারণের পর সাথী পারভীন বিয়ের দাবিতে আরিফুল ইসলামের বাড়িতে গেলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধের একপর্যায়ে সাথী পারভীনকে মারধর এবং পেটে লাথি মারার অভিযোগ ওঠে। এতে আঘাতের কারণে তার গর্ভপাত ঘটে বলে মামলায় দাবি করা হয়েছে। তবে অভিযুক্ত আরিফুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
এ ঘটনায় সাথী পারভীন সাতক্ষীরার আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের স্বার্থে ভ্রূণের পরিচয় ও পিতৃত্বসংক্রান্ত বিষয় নিশ্চিত করতে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় রোববার কুল্যা গ্রামে বাদী সাথী পারভীনের মুরগির ঘরের পাশের কবর থেকে ভ্রূণের মরদেহ উত্তোলন করা হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য মরদেহটি সাতক্ষীরায় পাঠানো হয়েছে।
মরদেহ উত্তোলনের সময় আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, মেডিকেল অফিসার ডা. প্রসূন কুমার মণ্ডল এবং সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে কবর থেকে ভ্রূণের মরদেহ উত্তোলন করা হয়েছে। ডিএনএ পরীক্ষার ফলাফল ও তদন্তের পরবর্তী কার্যক্রমের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হবে।
ডিএনএ পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করছে ভ্রূণের পিতৃত্বসংক্রান্ত অভিযোগের বৈজ্ঞানিক সত্যতা নির্ধারণ। দীর্ঘ সময় পর কবর থেকে মরদেহ উত্তোলনের এ ঘটনা এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। তবে তদন্ত ও পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।