সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় আইন লঙ্ঘনের দায়ে চারটি দোকানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বুধহাটা বাজারের দেবনাথ স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় ২ হাজার টাকা, শুভ্র স্টোরকে ১ হাজার টাকা এবং স্বপন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই আইনের ৩৭ ধারায় আল্লাহর দান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের পণ্যের সঠিক মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা এবং পণ্য বিক্রিতে কোনো ধরনের প্রতারণা না করার বিষয়ে সতর্ক করা হয়।
সংশ্লিষ্টরা জানান, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং অসাধু ব্যবসায়িক কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনস্বার্থে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।










