আইন-আদালত

সাতক্ষীরায় ডিজিটাল যৌন হয়রানি প্রতিরোধে মিডিয়া সম্মেলন, দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্ব

দেশ টাইমস-
দেশ টাইমস- আইন-আদালত ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সামাজিক যোগাযোগমাধ্যমসহ ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের যৌন হয়রানি, ব্যক্তিগত তথ্য ও ছবি অপব্যবহার এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ডিজিটাল মাধ্যমে সহিংসতার শিকার ব্যক্তিদের নিরাপত্তা, মর্যাদা ও আইনি অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এ লক্ষ্যে সাতক্ষীরায় ‘ডিজিটাল যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক সহিংসতা’ বিষয়ক জেলা পর্যায়ের মিডিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ লিটন দাস। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত দাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাফিজুর রহমান।

বক্তারা বলেন, প্রযুক্তির প্রসারের ফলে মানুষের যোগাযোগ ও তথ্যপ্রাপ্তি সহজ হলেও ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের হয়রানি ও নির্যাতনের নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি বা তথ্য অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া, আপত্তিকর মন্তব্য, অনলাইন হুমকি, অপমান ও হয়রানির মতো ঘটনা অনেকের ব্যক্তিগত জীবন, সামাজিক মর্যাদা ও মানসিক নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে।

তাঁরা বলেন, এসব ঘটনা প্রতিরোধে শুধু প্রযুক্তিগত সচেতনতা যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আইনি সচেতনতা এবং ভুক্তভোগীবান্ধব সহায়তা ব্যবস্থা। বিশেষ করে কোনো নারী ডিজিটাল সহিংসতার শিকার হলে তাঁর পরিচয় ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে সংবাদ প্রকাশ করা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব।

সম্মেলনের উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আশেক-এ-ইলাহী, লাইটহাউসের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর মো. সিদ্দিকুল আলম মামুন, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এম বেলাল হোসাইন, আশাশুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম মোস্তাফিজুর রহমানসহ আশাশুনি, শ্যামনগর ও কলারোয়া উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং নারী উন্নয়ন ফোরামের সদস্যরা।

আলোচনায় ডিজিটাল যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক সহিংসতার ধরন, এর সামাজিক ও ব্যক্তিগত প্রভাব, অনলাইনে নারীর নিরাপত্তা, ভুক্তভোগীদের আইনি সহায়তা এবং অভিযোগ জানানোর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা আরও বলেন, ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। পাশাপাশি ভুক্তভোগীরা কোথায়, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় আইনি সহায়তা পাবেন, সে বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে।

তাঁদের মতে, গণমাধ্যম শুধু ঘটনা প্রকাশের মাধ্যম নয়, বরং সামাজিক সচেতনতা সৃষ্টি, অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠন এবং ভুক্তভোগীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ক্ষেত্রে সংবাদ পরিবেশনে সংবেদনশীলতা, তথ্যের যথার্থতা, ব্যক্তিগত গোপনীয়তা এবং ভুক্তভোগীর সম্মতি নিশ্চিত করা জরুরি।

সম্মেলনে সমাপনী বক্তব্য দেন লাইটহাউসের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর মো. সিদ্দিকুল আলম মামুন। পরে ধন্যবাদ জ্ঞাপন ও কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন এনশিউরিং সিটিজেনস’ রাইটস অ্যান্ড ক্লাইমেট জাস্টিস কর্মকর্তা মো. মোজাফফর হোসেন।

সম্মেলনে উঠে আসা মূল বার্তা হলো—ডিজিটাল জগৎ নারীর জন্য নিরাপদ করতে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সচেতন নাগরিক, দায়িত্বশীল গণমাধ্যম এবং ভুক্তভোগীর পাশে দাঁড়ানোর সম্মিলিত সামাজিক উদ্যোগ।