সাতক্ষীরার আশাশুনিতে উপকূলীয় অঞ্চলের জলবায়ু সংকট মোকাবিলা, স্থানীয় জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং পরিবেশগত ঝুঁকি হ্রাসে সম্মিলিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় লিডার্সের আশাশুনি শাখা কার্যালয়ে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে এবং লিডার্সের (LEDARS) সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ইসমাইল হোসেন লিংকন। সভা সঞ্চালনা করেন লিডার্সের CARE প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মনিরুজ্জামান মনির। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মো. আফতাবুজ্জামান, লিডার্সের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আবদুল্লাহ ও সুমিত্রা মল্লিকসহ ফোরামের সদস্যরা।
সভায় আশাশুনিসহ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ক্রমবর্ধমান লবণাক্ততা, সুপেয় পানির সংকট, নদীভাঙন, ঘূর্ণিঝড়, দুর্বল বেড়িবাঁধ, জলাবদ্ধতা, কৃষি উৎপাদন হ্রাস এবং জীবিকার অনিশ্চয়তাকে এলাকার অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়।
সভায় ফোরামের বিগত ছয় মাসের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। পরিকল্পনায় উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ, জলবায়ু সংকট ও জনগণের অধিকার সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে মানববন্ধন, সচেতনতামূলক কর্মসূচি এবং বিভিন্ন আন্তর্জাতিক দিবস পালনকে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা সম্প্রসারণ, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব উপকূলীয় জনপদের মানুষের জীবন ও জীবিকাকে ক্রমাগত ঝুঁকির মুখে ফেলছে। এসব সমস্যা মোকাবিলায় শুধু সচেতনতা নয়, বরং স্থানীয় জনগণের অংশগ্রহণ, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় এবং কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সভা শেষে স্থানীয় জলবায়ু সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদার এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ফোরামের সদস্যরা।










