‘আইনের অঙ্গনে প্রজ্ঞা, ক্রিকেটের মাঠে শ্রেষ্ঠত্ব’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আইনজীবীদের ক্রিকেট প্রতিযোগিতা ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার টুর্নামেন্ট (এপিটি) ২০২৬’। টুর্নামেন্টের প্রথম আসরকে ঘিরে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ট্রফি। এ আয়োজনের মধ্য দিয়ে আইন পেশার পাশাপাশি খেলাধুলায় আইনজীবীদের অংশগ্রহণ, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের গার্লস স্কুলের ব্রিজসংলগ্ন রয়েল প্লাস কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের প্রথম আসরের ট্রফি উন্মোচন করা হয়। প্রতিযোগিতার খেলাগুলো সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক পর্যায়ে উপস্থিত ক্রীড়ামোদী আইনজীবীরা নিজেদের মধ্যে আলোচনা করে আটটি দল গঠন করেন। দলগুলো হলো—অ্যাডভোকেটস লিজেন্ড একাদশ, অ্যাডভোকেটস সুপার কিংস একাদশ, অ্যাডভোকেটস থান্ডার্স একাদশ, অ্যাডভোকেটস ওয়ারিয়র্স একাদশ, অ্যাডভোকেটস ঈগলস একাদশ, অ্যাডভোকেটস টাইটনস একাদশ, অ্যাডভোকেটস রয়েলর্স একাদশ ও অ্যাডভোকেটস গ্লাডিয়েটর্স একাদশ।
আটটি দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ আরিফুর রহমান আলো, অ্যাডভোকেট শেখ ই. জে. এস. হাসিব, অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট এসএম ইকবাল লোদি, অ্যাডভোকেট এসএম সালাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন, অ্যাডভোকেট জিএম জাকির হায়দার ও অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ হাসান মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এমডি সাইফুল্লাহ, অ্যাডভোকেট আব্দুস সাকুর, অ্যাডভোকেট তারিক ইকবাল অপু, অ্যাডভোকেট প্রিয় কুন্ডু, অ্যাডভোকেট মেহেদী হাসান সোহাগ, অ্যাডভোকেট অমিত, অ্যাডভোকেট পিয়াল হোসেন, অ্যাডভোকেট মেহেদী, অ্যাডভোকেট শেখ রাব্বি আহমেদ, অ্যাডভোকেট দেবাশীষ মন্ডল, অ্যাডভোকেট মিলন, অ্যাডভোকেট হাসিব মধু, অ্যাডভোকেট সুধান্য কুমার সরকার ও অ্যাডভোকেট ইমরান মেহেদীসহ অন্যান্য আইনজীবী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আইন পেশা একটি দায়িত্বশীল ও মানসিক শ্রমনির্ভর পেশা। পেশাগত ব্যস্ততার বাইরে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ আইনজীবীদের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে খেলাধুলার ইতিবাচক চর্চা তরুণ প্রজন্মকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে উৎসাহিত করবে।
তাঁরা আরও বলেন, অ্যাডভোকেটস প্রিমিয়ার টুর্নামেন্ট কেবল একটি ক্রিকেট প্রতিযোগিতা নয়; বরং আইনজীবীদের মধ্যে পরিচিতি, সহযোগিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার একটি সম্মিলিত উদ্যোগ। নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে সাতক্ষীরার আইনজীবীদের মধ্যে ক্রীড়াচর্চার নতুন পরিবেশ তৈরি হবে।
আয়োজক ও অংশগ্রহণকারী আইনজীবীরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ক্রীড়ামোদী আইনজীবীদের সম্পৃক্ত করে টুর্নামেন্টটি নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরাতন সাতক্ষীরার ইয়াং বলাকা ক্রীড়া চক্রের সভাপতি অ্যাডভোকেট এমডি সাইফুল্লাহ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুস সাকুর ও অ্যাডভোকেট জিএম জাকির হায়দার। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট তারিক ইকবাল অপু, অ্যাডভোকেট আব্দুস সাকুরসহ ১১ জন আইনজীবী।
ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে সাতক্ষীরায় আইনজীবীদের ক্রিকেট অঙ্গনে নতুন এ আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।










