মীর খাইরুল আলম, নিজস্ব প্রতিবেদক:
সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৮৭ কোটি ৫৩ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর রিজিয়ন। এসব ঘটনায় ১৫৫ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ৯ কেজির বেশি স্বর্ণ, ৭৭ হাজারের বেশি ইয়াবা, ২০৭ কেজি গাঁজা, প্রায় ৭ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
এদিকে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দিন-রাত বিশেষ টহলের পাশাপাশি সার্চলাইট ও থার্মাল ক্যামেরাযুক্ত ড্রোন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সীমান্তে সন্দেহভাজন ব্যক্তির চলাচল কিংবা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা নজরে এলে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানিয়েছে বাহিনীটি।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক খন্দকার আবু সহল আব্দুল্লাহ।










