জামায়াত ইসলামী

অসহায় পরিবারের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে পাশে দাঁড়াল বাঁশদহা জামায়াত, দিল সেলাই মেশিন

শেখ আমিনুর হোসেন,
শেখ আমিনুর হোসেন, বিশেষ সংবাদদাতা
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার
সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নে একটি অসহায় পরিবারের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশদহা ইউনিয়ন শাখা।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) আসরের নামাজের পর আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় পরিবারের সদস্যের হাতে সেলাই মেশিনটি তুলে দেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশদহা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা এ. টি. এম. নাজমুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলী। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও ওয়ার্ড সভাপতিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোশাররফ হোসেন বলেন, জনপ্রতিনিধিদের মূল লক্ষ্য হতে হবে জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়ন। নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের জনগণের আস্থা অর্জনে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের সৎ, যোগ্য ও জনবান্ধব হওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর শহীদ নেতাদের বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত দুর্নীতির কোনো অর্থ প্রমাণ করা সম্ভব হয়নি। এ সময় আগামী ৫ ডিসেম্বর আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা সফর সফল করতে জেলার সর্বস্তরের মানুষকে উপস্থিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মাহফুজুর রহমান বলেন, উত্তম সমাজ ও মানবতার কল্যাণে কাজ করা প্রত্যেক মানুষের দায়িত্ব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। একটি সেলাই মেশিন অসহায় পরিবারের জন্য শুধু আর্থিক সহায়তা নয়, বরং নিজের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে আয়-রোজগার ও স্বাবলম্বী হওয়ার একটি সুযোগ তৈরি করতে পারে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সামর্থ্যবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন। শুধু সাময়িক সহায়তা নয়, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অসহায় পরিবারকে আত্মনির্ভরশীল করে তোলার উদ্যোগ আরও বাড়ানো উচিত।
এ সময় তাঁরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।