আইন-আদালত

জুলাই আন্দোলন দমনে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গোপন বৈঠকে সাবেক সচিবের ভূমিকা

আইন-আদালত ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আন্দোলন দমনে রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় নিয়মিত কোর কমিটির বৈঠক হতো। সেখানে অংশ নিয়ে নীল-নকশা প্রণয়নে ভূমিকা রাখার অভিযোগ উঠেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জাহাঙ্গীর আলম ও জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্ম-সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশন এ তথ্য উপস্থাপন করে। শুনানি শেষে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আদালত আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

প্রসিকিউশনের ভাষ্যমতে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেছেন।

দিনের বেলায় দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি রাতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে আন্দোলন দমনের পরিকল্পনা করতেন। প্রসিকিউশন জানায়, তৎকালীন সরকারের নেওয়া কারফিউ জারির সিদ্ধান্ত ছিল আন্দোলন দমনে বলপ্রয়োগের সবচেয়ে বড় উদাহরণ। ওই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ডে বিপুলসংখ্যক ছাত্র-জনতা প্রাণ হারান বলে অভিযোগ তোলা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন আবদুস সাত্তার পলোয়ান। আদালতে তারা দাবি করেন, দুই আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের যথেষ্ট প্রমাণ রয়েছে, তাই বিচার শুরু করা আবশ্যক।

জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানিতে আইনজীবী মো. মজিবুর রহমান দাবি করেন, তিনি সরকারি দায়িত্ব পালন করেছেন এবং বাধ্য হয়েই বৈঠকে অংশ নিতেন। তার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ছিল না বলে দাবি জানিয়ে তিনি আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। অন্যদিকে, পলাতক আসামি ধনঞ্জয় কুমার দাসের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তি দেন যে, ধনঞ্জয় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, কেবল সরকারি দায়িত্ব পালন করেছেন।

আসামিপক্ষের যুক্তির বিপরীতে প্রসিকিউশন জানায়, সরকারি পদে থাকলেই কেউ মানবতাবিরোধী অপরাধের দায় থেকে মুক্তি পান না। কোনো কর্মকাণ্ড আইনসম্মত মনে হলেও তার পেছনের সুনির্দিষ্ট উদ্দেশ্য বিবেচনা করা জরুরি। এর আগে গত ২৭ আগস্ট ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। এরপর ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং বর্তমানে জাহাঙ্গীর আলম কারাবন্দি অবস্থায় রয়েছেন।