দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মমুক্ত সমাজ প্রতিষ্ঠা, মানুষের অধিকার সংরক্ষণ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানের মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কলারোয়া উপজেলার মরহুম আছির উদ্দীন শায়দা মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং খুলনা ও ফরিদপুর অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্বশীল কর্মীকে সততা, ন্যায়নীতি ও জবাবদিহিতার ভিত্তিতে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের অধিকার রক্ষা, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ এবং সমাজে ন্যায়বিচার ও বৈষম্যহীন পরিবেশ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে। জনকল্যাণ ও মানুষের আস্থা অর্জনকে সাংগঠনিক কর্মকাণ্ডের অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করার জন্য তিনি রুকনদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী। এ ছাড়া জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৯ শতাধিক শপথবদ্ধ রুকন (সদস্য) অংশগ্রহণ করেন। নারী ও পুরুষ রুকনদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলতা, জনসম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা সংগঠনের প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।








