শিক্ষাঙ্গন

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

দেশ টাইমস-
দেশ টাইমস- শিক্ষাঙ্গন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সাতক্ষীরার সাত উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।

শিক্ষার্থী, কাবদলসহ বিভিন্ন সংগঠনের সদস্যদের সম্পৃক্ত করে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার এ কার্যক্রম চলছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের ২১ সেপ্টেম্বরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলাগুলো হলো সাতক্ষীরা সদর, আশাশুনি, কলারোয়া, কালিগঞ্জ, তালা, দেবহাটা ও শ্যামনগর। এর আগে ডেঙ্গু প্রতিরোধে জেলার ১ হাজার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছিল। বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।  গত ৮ অক্টোবর জেলার সাত উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

সদর উপজেলার দক্ষিণ কাটিয়া, বাটকেখালী ও ফিংড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এ কার্যক্রম দেখা যায়। দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ এর আগে বলেছিলেন, বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু শিক্ষকদের দায়িত্ব নয়, শিক্ষার্থীসহ সবার সম্মিলিত দায়িত্ব।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন স্বাক্ষরিত ১২ নভেম্বরের এক চিঠিতে জানানো হয়েছে, জেলার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, কাবদলসহ অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এসব কার্যক্রমের ছবি ও সচিত্র প্রতিবেদন ইমেইলের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে জেলা প্রশাসকের সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রতিবেদন পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।

এর অনুলিপি খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক, সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।