শ্যামনগর

১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি

দেশ টাইমস-
দেশ টাইমস- শ্যামনগর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার
রঘুনাথ খাঁ, জ্যেষ্ঠ প্রতিবেদক:
১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত উপকূলবাসীদের স্মরণ এবং ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, কোস্টাল এইড ও সায়া-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
স্বপন দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কাশিমাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জালাল উদ্দিন, সংগঠনের সদস্য মালিহা, মাহফুজ ও সাকিলা প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলীয় অঞ্চলে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। সেই ভয়াবহ স্মৃতি ও উপকূলবাসীর দীর্ঘদিনের সংগ্রামকে জাতীয় পর্যায়ে যথাযথভাবে স্মরণ করা প্রয়োজন। তাই ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত নানা সংকট ও প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা সমস্যায় উপকূলের মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে।
এ সময় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কফ-৩১-এ অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় উপকূলবাসীর বাস্তব সমস্যা, জলবায়ু ন্যায়বিচার, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং টেকসই সমাধানের বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরতে হবে। উপকূলের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
মানববন্ধন থেকে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, উপকূলের মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, উপকূলবাসীর দীর্ঘদিনের দাবি একদিন রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে এবং উপকূলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।