সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলীয় সাংগঠনিক দায়িত্ব ও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের কথা জানিয়েছে উপজেলা জামায়াত। একই সঙ্গে তাঁর সংসদ সদস্য পদসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর লিখিত পত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান।
এর আগে বুধবার (১১ নভেম্বর) ‘সচেতন নাগরিক সমাজ, শ্যামনগর’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীকে জড়িয়ে দেওয়া বিভিন্ন বক্তব্য ও অভিযোগের প্রতিবাদ জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে মাওলানা আবদুর রহমান বলেন, গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামীর সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি সংগঠন থেকেও বহিষ্কার করা হয়েছে। তিনি বর্তমানে জামায়াতের কোনো পর্যায়ের সদস্য নন। ফলে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কিংবা ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো সংগঠনের ওপর চাপিয়ে দেওয়া যৌক্তিক নয়।
সংসদ সদস্য পদ নিয়ে দলীয় অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশন বরাবর জামায়াতের পক্ষ থেকে লিখিত পত্র পাঠানো হয়েছে। তাই এ বিষয়ে দল কোনো উদ্যোগ নেয়নি—এমন অভিযোগ সঠিক নয়। তবে তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকবে, নাকি শূন্য ঘোষণা করা হবে, সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের।
গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান মামলা প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, দল আইনের শাসন, ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত নয়। বিচারাধীন বিষয়ে আদালতের ওপর প্রভাব বিস্তার কিংবা বিচারিক এখতিয়ার খর্ব করার পক্ষে জামায়াত নয়। আইন নিজস্ব গতিতে চলবে এবং আদালতের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে।
গত ১১ নভেম্বরের সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী নিজেদের রাজনৈতিক স্বার্থে শ্যামনগরের মানুষের স্বার্থ উপেক্ষা করছে—এমন বক্তব্যেরও প্রতিবাদ জানান উপজেলা জামায়াতের আমীর। তিনি বলেন, শ্যামনগর কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। এ অঞ্চলের মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করা সব রাজনৈতিক সংগঠনের দায়িত্ব। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, নদীভাঙন, বেড়িবাঁধ, সুপেয় পানি, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো বিষয়গুলো জামায়াতের কাছেও সমান গুরুত্বপূর্ণ।
সচেতন নাগরিক সমাজের ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে নাগরিকদের মতপ্রকাশ ও দাবি জানানোর অধিকার রয়েছে। জামায়াত এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে কোনো কর্মসূচিতে অসত্য তথ্য, ব্যক্তিগত আক্রমণ কিংবা কোনো সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার প্রবণতা থাকা উচিত নয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত বুধবারের সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন দলটি সংসদ সদস্য পদসংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি এবং রাজনৈতিক স্বার্থে শ্যামনগরের মানুষের অধিকার উপেক্ষা করছে। অথচ গাজী নজরুল ইসলামকে সাংগঠনিকভাবে বহিষ্কার, স্পিকার ও নির্বাচন কমিশনে পত্র পাঠানো এবং বিচারাধীন বিষয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়গুলো বিবেচনায় না নিয়ে একতরফা অভিযোগ উত্থাপন করা বস্তুনিষ্ঠ নয়।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ ও এস এম ফজলুল হক, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারিঊ মহসিন আলম ও মাওলানা আমিনুর, সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান, ইমাম হাসানসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










