ময়মনসিংহে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই তথ্য জানান। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে এবং সমীক্ষার কাজ চলমান রয়েছে।
বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে কিছু কারিগরি ও ভৌগোলিক শর্তের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, এ ধরনের প্রকল্পে কমপক্ষে দুই হাজার একর জমির প্রয়োজন হয়। পাশাপাশি ঢাকার বিমানবন্দর থেকে এর দূরত্ব কমপক্ষে ১০০ কিলোমিটার হওয়া বাধ্যতামূলক। এই দূরত্বের শর্ত ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় ময়মনসিংহের ত্রিশালে বিমানবন্দর নির্মাণের জোরালো সম্ভাবনা রয়েছে। কতটি উড়োজাহাজ চলাচল করবে, রানওয়ের দিক ও বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতা নির্ধারণে বিস্তারিত সমীক্ষা চলছে বলেও তিনি জানান।
প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ময়মনসিংহে এই বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের বিস্তৃত এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি নির্মাণে কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে এই প্রকল্প বাস্তবায়ন করতে পারলে তা তার জীবনের অন্যতম মাইলফলক হয়ে থাকবে। সরকারের অভ্যন্তরীণ পর্যায়ে এ নিয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম চলমান রয়েছে।
দেশের পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোকপাত করেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্টের গুপ্তচরেরা পোশাক শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালিয়েছিল। তবে শ্রমিকরা এখন বিষয়টি অনুধাবন করতে পেরেছেন এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছার সংসদ সদস্য জাকির হোসেন ও সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকনসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







