আইন-আদালত

পূর্বের নিয়োগ বাতিল, সাতক্ষীরার আদালতে নতুন সরকারি আইনজীবী নিয়োগ

শেখ আমিনুর হোসেন,
শেখ আমিনুর হোসেন, বিশেষ সংবাদদাতা
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতসহ অধীনস্থ বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে সরকারি আইনজীবী নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। নতুন নিয়োগের আওতায় সরকারি কৌঁসুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), সহকারী পাবলিক প্রসিকিউটর ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদে ছয়জন আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত এবং এর অধীন অন্যান্য আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, স্পেশাল ট্রাইব্যুনাল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সরকারি আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। পূর্বে নিয়োগপ্রাপ্ত সরকারি আইনজীবীদের নিয়োগাদেশ বাতিল ও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন করে এ নিয়োগ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অসীম কুমার মণ্ডল। একই আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ আব্দুস সাত্তার।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন কামরুজ্জামান (ভুট্টো) এবং সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন শাহানা ইমরোজ।
অন্যদিকে, শিশু সংহিতা দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন আকবার আলী এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন ফেরদৌসী আরা।
বিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের নাম, পদবি এবং আইনজীবী সমিতিতে যোগদানের তারিখ উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট আইন ও বিধিমালার ক্ষমতাবলে তাঁদের এ নিয়োগ প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আদালতে রাষ্ট্র ও সরকারের পক্ষে মামলা পরিচালনা, বিচারিক কার্যক্রমে আইনি সহায়তা প্রদান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারি আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নিয়োগের মধ্য দিয়ে সাতক্ষীরার আদালতগুলোতে সরকারি আইনগত কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।