আইন-আদালত

খুলনায় প্রধানমন্ত্রীর আগমনের দিনে ডুমুরিয়ায় ঘের ব্যবসায়ী তরিকুলকে গুলি করে হত্যা।

দেশ টাইমস-
দেশ টাইমস- আইন-আদালত ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক:

খুলনায় প্রধানমন্ত্রীর আগমনের দিনে শেখ তরিকুল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (০৪ নভেম্বর) দুপুর পনে ২টায় উপজেলার থুকড়া আমভিটা মধ্যপাড়া উচুভিটা গফুর সানার চায়ের দোকানে এ হত্যাকান্ড ঘটে। নিহত শেখ তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আমভিটা ও মাধবকাটি বিলে মাছের ঘের করে আসছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে দৌলতপুরের দিক থেকে আসা ২টি মোটর সাইকেলে থাকা দুর্বৃত্তরা তরিকুল ইসলামকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে শুরু করে। তখন তরিকুলের বুকে ২টি গুলি লাগলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এবং সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় পাশে থাকা লোকজন দিকবিদিক ছুটতে থাকে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং হত্যাকাণ্ডের পেছনে কোনো পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
এ প্রসঙ্গে খুলনা জেলা পুলিশের এএসপি (বি-সার্কেল) খায়রুল আনাম বলেন, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তরিকুল ইসলামের বুকে ২টি গুলি লেগেছে। আমাদের টিম তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, বুধবার খুলনায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যখন নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও নানা কর্মসূচি চলছিল, ঠিক সেই দিনই ডুমুরিয়ায় এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। খুলনা নগরীতে একের পর এক হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার গ্রামাঞ্চলে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।