সরকারের উদ্ভাবনী ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ ও অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টার বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’ (UDYOG)-এর নাম ব্যবহার করে একটি পক্ষ বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এই নামে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে প্রতারণামূলক কার্যক্রম চালানো হচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক পেজ বা অ্যাকাউন্ট নেই। এ ধরনের অপতৎপরতায় জড়িতদের বিরুদ্ধে আইসিটি আইনসহ দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, এই কর্মসূচির সব কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে। তাই ঋণ পাওয়ার নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রলোভনে পা না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হয়ে সরকারি নির্দেশিকা অনুসরণের পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এই কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তারা মোট ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একসাথেই বিতরণ করা হয়। গত ১৩ সেপ্টেম্বর এই কর্মসূচির নীতিমালা জারি করা হয়।
প্রাথমিকভাবে আটটি জেলায় আবেদনের সুযোগ থাকলেও, গত ১ নভেম্বর থেকে দেশের অবশিষ্ট ৫৬টি জেলার উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রান্তিক ও উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে আর্থিক সহায়তা দেওয়াই এই সরকারি উদ্যোগের মূল লক্ষ্য। পরে গত ১ নভেম্বর থেকে অবশিষ্ট ৫৬ জেলার উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।





