সারাদেশ

সুনামগঞ্জের দিরাইয়ে অগ্নিকাণ্ডে নিঃস্ব ১৩টি জেলে ও কৃষক পরিবার

 সারাদেশ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে সোমবার রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ১৩টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা মূলত দরিদ্র জেলে ও কৃষক। রাতের এই আগুনের ঘটনায় তারা সবকিছু হারিয়ে বর্তমানে নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছেন। তবে ভাগ্যক্রমে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানিয়েছেন, রাত আটটার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। গ্রামের ঘরগুলো একটির সঙ্গে অন্যটি গা ঘেঁষে তৈরি হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা দীর্ঘ প্রচেষ্টার পর স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে ঘরবাড়ি, আসবাবপত্র, প্রয়োজনীয় কাপড়চোপড় এবং কৃষকদের সঞ্চিত ধান আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। ঘরগুলোর ওপর দিয়ে বিদ্যুতের লাইন থাকলেও আগুনের প্রকৃত উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রামের বাসিন্দা রমা কান্ত দাস বলেন, গ্রামের ঘরগুলো একটির সঙ্গে আরেকটি লাগানো। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভুক্তভোগী জেলে ধীরেন্দ্র দাস নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে বলেন, এমনিতেই খেয়ে না খেয়ে কষ্টে দিন কাটে, এখন সম্বলহীন হয়ে পড়লাম। সরকারি সাহায্য ছাড়া পুনরায় মাথা গোঁজার ঠাঁই তৈরি করা অসম্ভব হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের দুরবস্থার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার।

সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানিয়েছেন, বর্তমানে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। সরকারিভাবে এই অসহায় পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সব ধরণের চেষ্টা করা হবে।