সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তার বাড়ি লক্ষ্য করে এ হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পেট্রোল বোমাটি বাড়ির প্রবেশপথে বিস্ফোরিত হলেও পরিবারের সদস্যরা অক্ষত রয়েছেন। এতে বাড়ির বা কোনো ব্যক্তির ক্ষতি হয়নি।
ঘটনার সময় মাহিন সরকার ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে সে সময় তার অসুস্থ বাবা-মা ছিলেন। বিস্ফোরিত বোমার আঘাতে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার পর মাহিন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরেই তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিল। তিনি এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেছেন। বাড়িতে তার মুমূর্ষু বাবা ও মা অসহায় অবস্থায় থাকেন।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই নাশকতার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে এবং দোষীদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।








