সাতক্ষীরা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৩ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাথরের মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, দেশের রাজস্ব সুরক্ষা এবং স্থানীয় শিল্পের বিকাশে এ ধরনের বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবি তৎপর রয়েছে।










