জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ কল্যাণ সভা, দোয়া ও মোনাজাত এবং প্রীতিভোজের আয়োজন করেছে জেলা পুলিশ। দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাদারিত্ব জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।
শনিবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে এ বিশেষ কল্যাণ সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব, তাৎপর্য ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শিক্ষা ধারণ করে পুলিশ সদস্যদের দেশ ও জনগণের সেবায় আরও দায়িত্বশীল, সুশৃঙ্খল ও পেশাদার হতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি গুরুত্বারোপ করেন।
বিশেষ কল্যাণ সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী। সভা শেষে পুলিশ লাইন্স মসজিদের পেশ ইমাম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনা করা হয়।
পরে সাতক্ষীরা পুলিশ লাইন্স মেসে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্যদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. আখতারুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আয়োজনের মধ্য দিয়ে জেলা পুলিশের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সংহতি ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।











