সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেল্লেক পাড়া গ্রামের প্রবীণ ব্যক্তি হাবিবুর রহমান (১০৫)-এর জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আসরের নামাজের পর মেল্লেক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজাকে কেন্দ্র করে স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন। এ সময় মরহুমের দীর্ঘ জীবনের স্মৃতিচারণা করে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।
জানাজার আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।
সমাবেশে আরও বক্তব্য দেন মৌলভী আব্দুর রশিদ, মাওলানা ইকবাল হোসেন, ফিংড়ি মুজিদিয়া সিরিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ এবং সাবেক চেয়ারম্যান স. ম. শহিদুল ইসলাম। পারিবারিক পক্ষ থেকে মরহুমের স্মৃতিচারণা করেন তাঁর বড় ছেলে রওশন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, সদর উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মাওলানা আনিসুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মহিবুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজার নামাজে ইমামতি করেন জাহানাবাজ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মাওলানা ওসমান গনি। জানাজা শেষে মরহুম হাবিবুর রহমানকে তাঁর বাবা-মায়ের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।










