উপকূলীয় অঞ্চলের প্রান্তিক নারী ও যুবকদের সক্ষমতা বৃদ্ধি, নারীর নেতৃত্ব বিকাশ, অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু-সহনশীল জীবিকা গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ‘শক্তি’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। ‘স্ট্রেংথেনিং উইমেনস এজেন্সি অ্যান্ড নলেজ ফর ট্রান্সফরমেটিভ ইনক্লুশন’ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রাণী।
সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন, সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি এস এম আরিফুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম (পল্টু) এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এম কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন পিসিআরসিবি-সিসিডিবির উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রুপন, এরিয়া ম্যানেজার শৈলেন কলিয়া, শক্তি প্রকল্পের কাউন্টার অর্গানাইজার মেহেরুন ফেরদৌসী, মাসুম বিল্লাহ, ধ্রুব বিশ্বাস, ওবায়দুল্লাহ আল মামুন, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং প্রকল্পের বিভিন্ন ইউনিটের প্রধান ও সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে শক্তি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্রকল্পের সিও মেহেরুন ফেরদৌসী।
আলোচনায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও প্রয়োজনীয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের মানুষের বাস্তবতা ও চাহিদা বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জলবায়ু-সহনশীল জীবিকার সুযোগ সৃষ্টি, নারীর নেতৃত্ব ও অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। পাশাপাশি নারী ও যুবকদের সমস্যা, সম্ভাবনা এবং অধিকারভিত্তিক বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতার গুরুত্ব রয়েছে।
সভায় উপকূলীয় অঞ্চলের নারী ও যুবকদের আর্থসামাজিক বাস্তবতা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, স্থানীয় শাসনব্যবস্থা এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন ও প্রান্তিক মানুষের কাছে এর সুফল পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।










