গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ প্রাঙ্গণে রোববার দুপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা অংশগ্রহণ করে সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত এই কর্মকর্তার দ্বারা অহেতুক হয়রানির শিকার হচ্ছেন। রোববার (১ নভেম্বর) দুপুরে সাঘাটা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। তাঁদের দাবি, ভূমিসেবা জনগণের অধিকার হলেও বিভিন্ন অনিয়ম ও হয়রানির কারণে সেবাগ্রহীতাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভূমি অফিসে সেবা নিতে এসে কেউ যেন হয়রানি বা অযাচিত ভোগান্তির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
বক্তারা আরও অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নাম করে সাধারণ মানুষকে নিয়মিত ভোগান্তিতে ফেলা হচ্ছে। এছাড়া রতন কুমার দত্তের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল আচরণের অভিযোগও উত্থাপন করা হয়েছে। তাদের মতে, সরকারি দপ্তরে দায়িত্ব পালনকালে কর্মকর্তাদের নিরপেক্ষতা এবং জনবান্ধব আচরণ বজায় রাখা জরুরি, যা বর্তমান পরিস্থিতিতে অনুপস্থিত। এছাড়াও তিনি একজন আওয়ামী লীগ প্রেমী কর্মকর্তা।
এদিন আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন আলমগীর হোসেন, মো. হামিদুর রহমান বিপু, সুজন মন্ডল, জাভেদ মিয়া ও শাহ আলম মন্ডলসহ স্থানীয় অনেকে। তারা অভিযুক্ত কর্মকর্তার অপসারণের পাশাপাশি ভূমি অফিসের সেবার মান উন্নয়নের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত। তিনি দাবি করেছেন, তার দপ্তর সম্পূর্ণ দালালমুক্ত এবং তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তবে স্থানীয়দের দাবি, জনভোগান্তি বন্ধে বিষয়টি সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন।











