রাজধানীর ওয়ারীতে নিজের বাসার ভেতরে বিশেষায়িত ল্যাব তৈরি করে অপ্রচলিত সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের অভিযোগে তৌসিফ হাসান (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং যুক্তরাষ্ট্র থেকে দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির সহায়তায় এই মাদক ল্যাব পরিচালনা করতেন বলে জানিয়েছে ডিএনসি। গত রোববার সকালে ওয়ারী থানার র্যাংকিন স্ট্রিটের একটি বাসায় অভিযান চালিয়ে ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন।
তদন্ত সূত্রে জানা যায়, গত জানুয়ারিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের একটি ঘটনায় তদন্ত করতে গিয়ে ডিএনসি তৌসিফের বাসার সন্ধান পায়। ওই বাসায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে সংগৃহীত কুশের বীজ, চাষ করা গাছ এবং প্রক্রিয়াজাত কুশসহ চাষের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছিল। ছাদের ওপর টিন ও ফয়েল পেপার দিয়ে বিশেষ তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষ বানিয়ে তিনি সেখানে কুশ চাষ করতেন। এ সময় সেখানে সিসা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদও পাওয়া যায়।
তদন্তসংশ্লিষ্টরা জানান, তৌসিফ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালেই কুশ চাষের খুঁটিনাটি শিখেছিলেন। দেশে ফেরার পর তিনি নিজ বাড়িতে ল্যাব স্থাপন করেন এবং প্রযুক্তির সাহায্যে নিয়মিত তাপমাত্রা ও ল্যাবের কার্যক্রম মনিটর করতেন। এই অবৈধ কাজে তাঁকে সহায়তা করতেন তাঁর এক বান্ধবী। এর আগে ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৩২টি ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, যা ডিএনসির অভিযানে ধরা পড়ে। সেই ঘটনায় তৌসিফের বান্ধবী ও বাসার তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করা হলেও তৌসিফ পলাতক ছিলেন এবং তাঁর বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছিল।
দীর্ঘ প্রচেষ্টার পর গত রোববার তৌসিফকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারের পর তাঁর ডোপ টেস্টে মেথামফিটামিন ও ক্যানাবিনয়েড—উভয় উপাদানের উপস্থিতি ধরা পড়ে। এ সময় তাঁর কাছ থেকে ১০টি মেথামফিটামিনযুক্ত ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা ও কুশ সরবরাহের কথা স্বীকার করেছেন। এখন তাঁর মাদক সংগ্রহের উৎস ও নেটওয়ার্কের অন্য সদস্যদের বিষয়ে অনুসন্ধান চলছে। উদ্ধার করা ইয়াবা ও গাঁজা নিজ হেফাজতে রাখার দায়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওয়ারী থানায় মামলা হয়েছে। এছাড়া কুশ ল্যাবের আগের মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে ডিএনসি। উদ্ধার করা ইয়াবা ও গাঁজা নিজের হেফাজতে রাখার অভিযোগে তৌসিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ওয়ারী থানায় মামলা হয়েছে।











