অপরাধ

সরিষাবাড়ীতে পরকীয়ার জেরে স্থানীয়দের হাতে আটক জামায়াত কর্মী

অপরাধ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ৪৫ বছর বয়সী বাবুল মিয়া। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, ওই নারীর সঙ্গে বাবুল মিয়ার পরকীয়া সম্পর্ক রয়েছে। চার সন্তানের জনক বাবুল মিয়া রাতে গোপনে ওই নারীর বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাড়িটি ঘিরে ফেলেন এবং তাকে হাতেনাতে আটক করেন।

ঘটনার খবর পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বাবুল মিয়াকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে থানায় নিয়ে আসা হয়েছে। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আরো লোকজনের ভিড় জমে।

আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে জামায়াতে ইসলামীর উপজেলা আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল বলেন, বিষয়টি জানার পর আমরা খোঁজখবর নিয়েছি। তিনি আমাদের তালিকাভুক্ত কোনো নেতা নন, তবে নির্বাচনের সময় সমর্থক হিসেবে কাজ করেছিলেন। এলাকাবাসী জানান, আটক ব্যক্তি জামায়াতে ইসলামীর একজন কর্মী।