খেলাধুলা

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেখ আমিনুর হোসেন,
শেখ আমিনুর হোসেন, বিশেষ সংবাদদাতা
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার
‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে ‘আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। খেলাধুলার প্রসার, মাদকবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টি এবং ফুটবল রেফারিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ্ কাউসার আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ মো. আশরাফুল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাব্লু, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবুসহ জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে জেলার আটটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো—সাতক্ষীরা সদর উপজেলা, আশাশুনি উপজেলা, সাতক্ষীরা পৌরসভা, তালা উপজেলা, দেবহাটা উপজেলা, কালিগঞ্জ উপজেলা, কলারোয়া উপজেলা ও শ্যামনগর উপজেলা।
আয়োজকরা জানান, ফুটবল কেবল একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার অনন্য মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাতক্ষীরা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট ঘিরে ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, প্রতিযোগিতার মধ্য দিয়ে রেফারিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে এবং জেলার ফুটবল অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হবে।