সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং জেলার দুটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব আয়োজনে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক এবং জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
এ সময় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক খান মোকছুদুর রহমান এবং দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জি এম আলতাফ হোসেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনের সঠিক ইতিহাস ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এদিকে, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। সোমবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) ওয়াহিদা সুলতানা এবং সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের দেশপ্রেম, জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, শেখ তাজুর রহমান, রবিউল ইসলাম, দীপাসিন্ধু তরফদার, মমতাজ আহমেদ, সুলতানা পারভীন, জান্নাতুল ফেরদৌস ও মো. হাবিবুল্লাহসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় ইতিহাস চর্চা, দেশপ্রেম ও নতুন প্রজন্মের মধ্যে ঐতিহাসিক সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।











