রাজনীতি

বল্লী ইউনিয়নকে উন্নত ও জনবান্ধব গড়ার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের

দেশ টাইমস-
দেশ টাইমস- রাজনীতি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সাতক্ষীরা সদর উপজেলার ১২ নম্বর বল্লী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমানের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় ইউনিয়নের আমতলা-বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মী, সমর্থক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বল্লী ইউনিয়নের সব মানুষের কল্যাণে কাজ করবেন। ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, একটি সুন্দর সমাজ গঠনে মাদক ও সামাজিক অপরাধ নির্মূল করা জরুরি। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য ও হয়রানিমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি একটি উন্নত, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব বল্লী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য হতে হবে জনগণের সেবা ও এলাকার উন্নয়ন। এ ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা পূরণে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি এলাকার উন্নয়নে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

আমতলা ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ডা. নজরুল ইসলাম মন্টুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা আব্দুস সামাদ মোড়ল, ইসলামী ব্যাংক খুলনা বড় বাজার শাখার ম্যানেজার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোড়ল, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক গোপাল সরকার, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইব্রাহিম মুন্সী, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনোয়ার হোসেন ও বিমল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, বল্লী ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি পরিকল্পিত ও উন্নত জনপদ। এ জন্য জলাবদ্ধতা নিরসন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সাধারণ মানুষের নাগরিক অধিকার ও সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।

সভায় বক্তারা এলাকার সমস্যা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।