জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য অটুট রাখার লক্ষ্যে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। সোমবার বেলা ১টায় বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ বৈঠকে উপস্থিত রয়েছেন।
এর আগে জাতীয় সংসদে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছিলেন। সরকারের এই আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দল ইতিবাচক সাড়া দিয়েছে। সূত্রমতে, চলমান সংলাপে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দেয়ার পাশাপাশি বিরোধী দলগুলো উক্ত সনদ বাস্তবায়নের জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এনসিপিকে দিয়ে এই সংলাপের প্রক্রিয়া শুরু হলেও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সূচি এখনো চূড়ান্ত হয়নি।










