রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ী ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের আওতায় এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের স্বার্থে দীপকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। ঢাকার উত্তর খানের তুরাগের নদের রাজবাড়ী ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) লাশ উদ্ধার করা হয়েছে, এর কাছের এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে নিয়ে বেশ কয়েকটি স্পটে গিয়েছি।
জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনার দিন তারা ঘটনাস্থলে কথোপকথন করছিলেন। সেই মুহূর্তে পুলিশের কিছু সদস্য তাদের দিকে এগিয়ে এলে তাহসিফ ভয়ে নদে ঝাঁপ দেন এবং এরপরই দীপ সেখান থেকে পালিয়ে আসেন। তবে দীপের দেওয়া এই তথ্যের সত্যতা যাচাইয়ের পাশাপাশি স্থানীয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পিবিআই। কর্মকর্তারা জানিয়েছেন, রাজবাড়ী ঘাট এলাকাটি মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত। মাদক কারবারিদের ধাওয়া খেয়ে তাহসিফ নদীতে পড়ে ডুবে গিয়ে থাকতে পারেন বলেও একটি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, গত বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ জানিয়েছেন, উদ্ধারকৃত মোটরসাইকেলটি তাহসিফের কিনা তা নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে, তবে প্রাথমিক তদন্তে এটি তার বলেই ধারণা করা হচ্ছে। বর্তমানে মোটরসাইকেলটি উত্তরখান থানায় রাখা হয়েছে এবং নৌ পুলিশকে তদন্তে সহায়তা করছে পিবিআই।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তার মাকে ভয়েস মেসেজের মাধ্যমে দ্রুত বাসায় ফেরার কথা জানিয়েছিলেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। ঘটনার পর থেকে তাহসিফের বাবা কেএম এনায়েতুল করিম এই মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছেন না। তিনি একে আত্মহত্যা মানতে নারাজ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। সেদিন দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে বার্তা (ভয়েস মেসেজ) পাঠিয়ে তিনি জানিয়েছিলেন, বাসায় ফিরছেন।










